চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ সময় ঘটনাস্থল থেকে আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬) নামে দুইজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উভয় প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জানা গেছে, আটক দুইজনের মধ্যে একজন ধানের শীষ ও অপরজন চিংড়ি প্রতীকের সমর্থক।