রাতে ঘোরাফেরা করা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত রাতে ঘোরাফেরা করা শিক্ষার্থীদের পুলিশি জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, তার দেওয়া নির্দেশনা সারা দেশের জন্য নয়, বরং নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলার জন্য ছিল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় কচুয়ায় মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও গভীর রাতে অযথা ঘোরাঘুরি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই স্থানীয় প্রশাসনকে অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের বিষয়ে সচেতন হওয়ার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ের কোনো জাতীয় নির্দেশনা নয়; বরং এমপি হিসেবে নিজের এলাকার জন্য দেওয়া কমিটমেন্ট। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পড়াশোনার পরিবেশে ফিরিয়ে আনতেই এ উদ্যোগের কথা বলা হয়েছে।