নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই: নির্বাচন কমিশনার মাসউদ
নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী একযোগে কাজ করছে। লক্ষ্য একটাই—জাতিকে একটি ভালো, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
শনিবার বিকেলে রংপুর নগরীর সার্কিট হাউসের হলরুমে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মতবিনিময়সভায় নির্বাচনকালীন নিরাপত্তাব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় এবং ঝুঁকিপূর্ণ এলাকার বিশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা হস্তক্ষেপ নেই। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা বা আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশনের অবস্থান হবে কঠোর।
ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
মতবিনিময়সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের দাবি জানানো হলে নির্বাচন কমিশনার প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন।
সভায় আরও জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে এবং মাঠপর্যায়ে প্রশাসনকে আরও সক্রিয় রাখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী, বিভাগের আট জেলার রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।