লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিলসহ কম্পিউটার দোকানি আটক



লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিলসহ এক কম্পিউটার দোকানিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

মঙ্গলবার (আজ) বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস নামের একটি কম্পিউটারের দোকান থেকে সোহেল রানা (৪০) নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি দল দোকানটিতে অভিযান চালায়। অভিযানের সময় দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে উদ্ধার করা সিলগুলোসহ একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করে সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, ভোটের সিল তৈরি করা সম্পূর্ণ অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা পুলিশকে জানিয়েছেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কারা এই সিল তৈরির অর্ডার দিয়েছেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। 

Post a Comment

Previous Post Next Post